রাসেল আহমেদ, খুলনা
খুলনায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি বড় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ (SDGi) ও আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDGi’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব এম এ এন শাহীন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ বিদেশি বিনিয়োগকারীরাও উপস্থিত ছিলেন।
বক্তৃতা করেন ড. শেখ মাহমুদউল হাসান, ড. কাজী জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর বিশ্বাস ও অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। বিদেশি অংশীদারদের পক্ষে বক্তব্য দেন লি গ্যাং, ঝাং শিয়াওডং ও শি লেং।
বক্তারা বলেন, এ প্রকল্প খুলনা ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি কার্বন নিঃসরণ কমানো, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
তারা আরও জানান, এটি কেবল একটি বিনিয়োগ প্রকল্প নয়, বরং সবুজ প্রযুক্তি ও টেকসই উন্নয়নের এক নতুন মডেল। সরকারের ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি সংযুক্ত করার লক্ষ্য অর্জনে এটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে খুলনায় নবায়নযোগ্য শক্তির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন।

