শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকায় পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী যুবক আল আমিন (২৫) হত্যা মামলার প্রধান আসামি সহ দুজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গ্রেফতারকৃত প্রধান আসামী শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ এর ছেলে। অপরজন তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ রুবেল সরদার একই এলাকার মোঃ মোরশেদ সরদার এর ছেলে। গতকাল শুক্রবার বিকাল সারে তিনটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মোঃ মাহাবুল করিম সংগীয় ফোর্স সহ পাবনা জেলার আমিনপুর থানাধীন কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুরে আল আমিন নিজের বিয়ের জন্য পরিবারসহ পাত্রী দেখতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি চর গ্রামের খৈয়মের বাড়িতে যান। বিকেলের দিকে আল আমিন তার ফুফাতো বোনের স্বামী মেগা সরদারের মোটরসাইকেলে অদূরে রাখালগাছি বাজারে যায় । কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলাম (৩৫)সহ অজ্ঞাত ৭/৮ জন চারটি মোটরসাইকেলে রাখালগাছি এসে কিছু বুঝে ওঠার আগেই আল আমিনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে প্রাণে বাঁচতে আল আমিন মন্ডল নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যায়। পরে অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেয়ায় তাদের সাথে আল আমিনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর মধ্যে একজন হত্যা মামলার প্রধান আসামি এবং অপরজন তদন্তে সন্দিগ্ধ আসামি। তাদেরকে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

