স্টাফ রিপোর্টার, ভোলা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ মাসুমা (৩৮) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার (পরিচ্ছন্নতা কর্মী) হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি স্কুল ক্যাম্পাসে কর্তব্যরত অবস্থায় ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই তার নিথর দেহ পৌঁছায় গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তাকে এক নজর দেখার জন্য স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করেন। চারদিকে শোকের ছায়া নেমে আসে। বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোল আর আহাজারিতে।
রবিবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মাসুমার স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। মাসুমা তাদের এক ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানীর তুরাগ থানার নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অপ্রাপ্তির হাহাকার।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এলাকাবাসী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। পাশাপাশি তারা এমন দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

