ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই অন্যতম লক্ষ্য। গবাদিপশু পালন ও দুধ উৎপাদন বাড়িয়ে খামারিরা যেন স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর—এই সাত জেলার নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় আমিষের চাহিদা পূরণে দুধ উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুবিধাভোগী খামারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য নিজ হাতে উপকারভোগীদের মাঝে বকনা বাছুর হস্তান্তর করেন।

