নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে নিখোঁজ হওয়া মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৭ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে একই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন।
নিহত মেহেদী হাসান কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) বিকালে পাঁচ বন্ধু মকশবিলে নৌকায় করে ঘুরতে যান। বিকাল সোয়া ৫টার দিকে তীব্র বাতাসে নৌকাটি উল্টে যায়। এতে পাঁচজন পানিতে পড়ে যান। এদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও শিমুল হোসেন নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত গভীর হওয়ায় তা সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার দুপুরে রফিকুল ইসলামের এবং সন্ধ্যায় শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রবিবার সকালে উদ্ধার করা হয় মেহেদী হাসানের মরদেহ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, “টানা তিন দিন ধরে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। অবশেষে রোববার সকালে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে রফিকুল ও শিমুলের মরদেহ উদ্ধার করা হয়।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তিনজনই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

