গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া, কাঁধের ব্যাজ, মনোগ্রাম ও শীতের জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলা কর্মকর্তা সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় কারারক্ষী মো. আরিফ চৌধুরী (২৮) কে আসামি করা হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
একই রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ইসলামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কারারক্ষীদের কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ দশ প্রকার সরঞ্জাম।
মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি হওয়ার ঘটনা ঘটেছিল। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশকে অবহিত করা হয়। এরপর আরিফের বাসা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে কারারক্ষী আরিফ চৌধুরী চুরির বিষয়টি স্বীকার করেছেন। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে আবারও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

