মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ চায়না দূয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার সমমূল্যের ২৩টি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা, শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী ও চরবয়েড়া এলাকার খাল-বিল ঘুরে এসব জাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম শাহিন। তিনি জানান, নিষিদ্ধ এই চায়না দূয়ারি জাল দেশীয় মাছের উৎপাদনে হুমকি সৃষ্টি করছে। তাই নিয়মিত অভিযান পরিচালনা করে এসব জাল ধ্বংস করা হচ্ছে।
জব্দকৃত জালসমূহ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা কমপ্লেক্স চত্বরে ইউএনও আবুজার মোঃ ইজাজুল হকের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুল রহমান বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ কাজ চালিয়ে যাওয়া হবে।”
তবে অভিযানে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।

