কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাস (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।
কোটালীপাড়া থানার এসআই আল আমিন জানান, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন, যা জনমনে আতঙ্ক সৃষ্টি ও জন চলাচলে বিঘ্ন ঘটায়। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১১৫ জনকে জ্ঞাত ও ১৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে।
এই মামলায় রুবি বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বিক্ষোভে নেতৃত্বদানকারী প্রধান নেত্রী ছিলেন।
এসআই আল আমিন আরও জানান, এ পর্যন্ত ৩৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

