নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি আঞ্জুমান আরা বেগম (৫৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আঞ্জুমান আরা বেগম মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী এবং ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। তিনি নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ মাতুব্বরের মেয়ে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম। তিনি জানান, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি টিম এ অভিযান পরিচালনা করেছে। আমরা কেবল স্থানীয় পর্যায়ে সহযোগিতা করেছি। তাকে আটক করে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা নতুন কোনো মামলা হবে কিনা—সেই বিষয়ে বিস্তারিত জানাতে পারবে ঢাকার ডিবি টিম।”
তবে, আঞ্জুমান আরা বেগমকে গ্রেপ্তারের কারণ বা অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

