মোঃ রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, মদ, ট্যাবলেট, কারেন্ট জাল ও আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৭২ হাজার ১০০ টাকা।
শনিবার (২ আগস্ট) দুপুর পৌনে ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আশ্রায়ন বিওপি কর্তৃক কুষ্টিয়ার পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালানো হয়। সেখানে নদীতে ভাসমান অবস্থায় ৮,০৮০ পিস ইয়াবা ও ৭৭ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ২৭ লাখ ৩২ হাজার টাকা।
এর আগে গতকাল শুক্রবার (১ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপির আওতাধীন মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ ও ২৫৭ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ মালামালের মূল্য ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ১০০ টাকা।
একই দিনে চিলমারী বিওপি কর্তৃক শান্তিপাড়া মাঠে আরেকটি অভিযানে ১,০০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট ও ১,০৮০ পিস আতশবাজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ২৭ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত কারেন্ট জাল মালিকবিহীন অবস্থায় ধ্বংস করা হয়েছে এবং মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়ায় ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অধিনায়ক।

