আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। শনিবার (২ আগস্ট) পর্যন্ত অভিযানে ১০৬ বোতল ভারতীয় মদসহ প্রায় ৯ লাখ ২৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈকারী, ঘোনা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, কালিয়ানী, সুলতানপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, তলুইগাছা ও মাদরা বিওপি’র সদস্যরা সীমান্তবর্তী এলাকায় একযোগে এ অভিযান চালায়।
অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও কিছু ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ২৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।
অধিনায়ক আশরাফুল হক বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধী যেন পার না পায়, সেজন্য বিজিবি সর্বদা তৎপর।”
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করলেও চোরাকারবারিরা কেন ধরা পড়ছে না, সে প্রশ্নও তুলেছেন অনেকে।

