কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বামপন্থী রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও লেখক নির্মল সেনের ৯৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, মাহাবুব সুলতান, মনিরুজ্জামান জুয়েল ও রনী আহম্মেদ।
সভায় ইউএনও মো. মাসুম বিল্লাহ বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সংগ্রামে নির্মল সেন সারাজীবন কাজ করে গেছেন। তিনি সমাজতান্ত্রিক চিন্তা-চেতনায় বিশ্বাসী একজন আদর্শ মানুষ ছিলেন। তার স্মৃতি রক্ষায় উপজেলা প্রশাসন কাজ করবে। বিশেষ করে তার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে রাজৈর–কোটালীপাড়া সড়কটিকে ‘সাংবাদিক নির্মল সেন সড়ক’ নামে নামকরণের দাবিও জানানো হয়।
আলোচনা সভা শেষে নির্মল সেনের জন্মদিন উপলক্ষেকেক কাটা হয়।

