কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে মিরপুর ঈগল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এক বছর আগে স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছিল। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন প্রায় ২ হাজার ছাত্র-জনতা এবং আহত হয়েছেন প্রায় ২০ হাজার।”
তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রদের আন্দোলনের গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন ছাত্রদের নেতৃত্বেই হয়েছে।”
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, “বিএনপি কারো কাছে জিম্মি নয়। এটি একটি গণতান্ত্রিক, ভদ্র ও শান্তিপ্রিয় মানুষের দল। আমাদের নেতা তারেক রহমান বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিচ্ছেন এবং মাঠপর্যায়ের সার্বিক খবরাখবর রাখছেন। নেতাকর্মীদের সব ধরনের অন্যায় ও অপকর্ম থেকে দূরে থাকতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমরাফুজ্জামান শাহীন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু।
এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, যুবদলের আহ্বায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু প্রমুখ

