Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা, সম্মাননা পেলেন শিক্ষার্থী ও বিশিষ্টজনেরাও

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

‘গুণীজনের আলোয় আলোকিত হোক সমাজ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব। সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, জনসেবা, কৃষি, ক্রীড়া, সংগীত ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা ব্যক্তি ও শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে গ্রামীণ ঐতিহ্যবাহী জারিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

সংবর্ধিতদের মধ্যে সাহিত্যে অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. কেরামত উল্লাহ, শিক্ষায় অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার মুখার্জি, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান, কৃষিতে মনোতোষ মণ্ডল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আলহাজ মো. আরশাদ আলী মোড়ল, সমাজসেবায় আলহাজ আবুল কালাম বাবলা এবং ক্রীড়ায় এস এম ফিরোজ হোসেনকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া মরণোত্তর সম্মাননা পান সাংবাদিকতায় আনোয়ার হোসেন মল্লিক, জনসেবায় বাবু বিশ্বনাথ দাস এবং সংগীতে গীতিকার ও সুরকার অনিমেষ ব্যানার্জি। তাঁদের অবদান ও কর্মজীবনের বিভিন্ন দিক অনুষ্ঠানে তুলে ধরা হয়।

ঐতিহাসিক শাহী মসজিদ আশরাফিয়া দাওরা হাদিস মাদ্রাসায় দীর্ঘ অর্ধশতাব্দী ধরে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সংবর্ধনা পান হাফেজ মো. আব্দুল আলী। এ ছাড়া সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক জিহাদ আলীকে।

নতুন প্রজন্মের মেধা ও মননের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পান সাথী মুন্ডা, শারমীন আক্তার, খাদিজা খাতুন, রেহানা খাতুন, আসাদুল মোল্যা, আমীর হোসেন, কামরুজ্জামান, মাসুম বিল্লাহ, আনিকা তাবাসসুম, জেবা তাসনিয়া, হাফেজ মুহাম্মদ রিয়াসাত আলী ও হাফিজুর রহমান। এ ছাড়া শ্যামনগর মডার্ন স্কুলের ১০ শিক্ষার্থীর হাতে বই উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সংবাদকর্মীদেরও বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়। এ উপলক্ষে প্রকাশ করা হয় প্রেসক্লাবের নিজস্ব ম্যাগাজিন ‘আত্মপ্রকাশ’।

আয়োজকেরা জানান, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কর্ম ও জীবন নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।