Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে দেশজুড়ে জাতীয় যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব সমাবেশ, সফল উদ্যোক্তাদের সম্মাননা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) রাজশাহীর চারঘাট, ঝালকাঠি ও রংপুরের কাউনিয়াসহ বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়।

রাজশাহীর চারঘাটে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আলোচনা সভা শেষে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

ঝালকাঠিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে যুব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার এসএম বায়েজিদ আকবর। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন। সেখানে সফল আত্মকর্মী ও প্রশিক্ষিত যুবকদের পুরস্কার এবং ঋণের চেক দেওয়া হয়। আগামী ৭ নভেম্বর পর্যন্ত জেলায় সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে। এর মধ্যে রয়েছে উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী ও মেলা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মশক নিধন ও ক্রীড়া অনুষ্ঠান।

রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টায় যুব র‍্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী, বিআরডিবি কর্মকর্তা আফসানা জাহান, এসআই রমজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেওয়াইএসডিওর নির্বাহী পরিচালক সোহেল রানা। এ সময় যুবকদের মধ্যে ঋণের চেক, গাছের চারা, প্রশিক্ষণ সনদ ও সম্মাননা দেওয়া হয়।

অন্যদিকে, ময়মনসিংহের নান্দাইলে জাতীয় যুব দিবস উদযাপনে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় কয়েকজন যুব উদ্যোক্তার অভিযোগ, দিবসটি পালনের বিষয়ে তাঁরা আগে থেকে কিছু জানতে পারেননি। এমনকি ২০২০ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মোজাম্মেল হকও আয়োজন সম্পর্কে অবগত ছিলেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের সহযোগিতায় জাতীয় যুব দিবস পালন করা হলেও এবার তাঁদের কেন জানানো হয়নি, তা বোধগম্য নয়।

এ বিষয়ে নান্দাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে দিবসটি পালন করা হয়েছে এবং দুজন উদ্যোক্তাকে পুরস্কার আনার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। যাঁদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়েছে, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে উদ্যোক্তাদের অনেকেই সম্পৃক্ত না হওয়ায় দিবসটির মূল উদ্দেশ্য ও স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।