খুলনা প্রতিনিধি
তেরখাদা উপজেলার কাটেংগা বাজার ও টিএন্ডটি চত্বর যেন এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন বাজারের দোকানপাট, হোটেল ও রেস্টুরেন্ট থেকে ফেলা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। যথাযথ ব্যবস্থাপনা না থাকায় খোলা জায়গায় এসব বর্জ্য জমে সৃষ্টি করছে তীব্র দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, কাটেংগা ও জয়সেনা বাজারের মাঝামাঝি হাঁস-মুরগির হাট সংলগ্ন খোলা মাঠ এবং টিএন্ডটি চত্বরে প্রতিদিনই ফেলা হচ্ছে আবর্জনা। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে আশপাশের বাসিন্দা ও পথচারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
বসবাসকারী ও ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে নেই নির্ধারিত কোনো ডাস্টবিন বা বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা। ফলে বাধ্য হয়েই খোলা জায়গায় ফেলতে হচ্ছে ময়লা-আবর্জনা। কেউ কেউ মাঝে মাঝে ময়লা পুড়িয়ে ফেলছেন, কিন্তু এতে উপকারের বদলে তৈরি হচ্ছে বিষাক্ত ধোঁয়া, যা আরও ভয়াবহভাবে পরিবেশ ও স্বাস্থ্যে প্রভাব ফেলছে।
ভুক্তভোগীদের বক্তব্য:
জয়সেনা বাজারের লন্ড্রি ব্যবসায়ী মুরাদ হোসেন বলেন,
“বাজারে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা নেই। গন্ধে ও মশার যন্ত্রণায় দোকানে বসা যায় না। ক্রেতারাও আসতে চায় না।”
কাটেংগা বাজারের টেইলার্স ব্যবসায়ী গোবিন্দ সরকার বলেন,
“এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। দ্রুত কোনো উদ্যোগ নিতে হবে।”
প্রশাসনের প্রতিক্রিয়া:
এ বিষয়ে জানতে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন,
“আমি বিষয়টি শুনেছি। খুব শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, বাজার এলাকায় নির্ধারিত বর্জ্য ফেলার স্থান, পর্যাপ্ত ডাস্টবিন ও নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করা হলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব। দীর্ঘদিন ধরে এসব এলাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

