অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশা চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা ও নগদ টাকা ছিনতাইয়ের মূল হোতা মোঃ শহিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরগুনা জেলার আমতলী পৌরসভার কালিবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন ফকিরের ছেলে।
৩০ জুন ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার চৌরাস্তা মসজিদের সামনে অটোরিকশা চালককে মোবাইল ফোনে ডেকে নিয়ে আসে ছিনতাইকারীরা। “রোগী নিয়ে যেতে হবে” এমন অজুহাতে রিজার্ভ নেওয়ার কথা বলে তারা চালককে সঙ্গে নেয়। পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে শহিদ ফকির ও তার সহযোগীরা চালকের মুখে চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে ফেলে এবং তার অটোরিকশা ও পকেটে থাকা কিস্তির ৯,৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা অচেতন চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শহিদ ফকিরসহ অন্য চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ। সোমবার ভোরে শহিদ ফকিরকে বরগুনার আমতলীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হামিদ জানান, শহিদ ফকির একজন পেশাদার চোর এবং মাদক চক্র ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কলাপাড়া, আমতলী ও রাজাপুরসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত ১০টিরও বেশি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, শহিদ ফকির জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তার পলাতক হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন জানানো হয়েছে এবং জামিনের বিরোধিতা করা হয়েছে।

