যশোর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে যশোর জজ কোর্ট মোড়ে এই কর্মসূচি শুরু হয়।
সমাবেশ শেষে বিশাল মিছিলটি প্যারিস রোড হয়ে দড়াটানা, চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে সার্কিট হাউস মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোবারক হোসেন।
তিনি বলেন, “ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। একটি মহল জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে—আমরা তা কখনো মেনে নেব না।” তিনি আরও বলেন, “প্রয়োজনে আমরা আবারো রক্ত দিতে প্রস্তুত, তবুও দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করব না।”
সমাবেশে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের জন্য দোয়া করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সম্পাদক আব্দুল কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী ইনামুল হক, ভিপি আব্দুল কাদের, কেশবপুর উপজেলা আমির অধ্যক্ষ মুক্তার আলী, শহর আমির অধ্যক্ষ শামসুর রহমান, সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলীসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

