অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে খুলনা থেকে আসা সাত বন্ধুর সাথে সমুদ্রস্নানে নামেন পারভেজ। গোসলের একপর্যায়ে হঠাৎ করে প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। এরপর থেকে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন জানান, “প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সৈকতের জিরো পয়েন্ট এলাকাতেই নিখোঁজ পর্যটক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পরে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় কুয়াকাটার পর্যটন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পর্যটকদের নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

