একে মিলন, সুনামগঞ্জ
সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে কেঁদে ফেলেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে। সড়ক দুর্ঘটনায় নিহত স্নেহা ও খুশীকে স্মরণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।
শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিলুর রহমান, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট ও সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে ফিটনেস বিহীন যানবাহন চলছে, যেগুলো নিয়ন্ত্রণহীন ও ঝুঁকিপূর্ণ। লক্কর ঝক্কর বাস চলাচল করে সাধারণ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। অনেক সময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপাররা গাড়ি চালাচ্ছে, অথচ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
বক্তারা ফিটনেস বিহীন যানবাহন দ্রুত বন্ধ করার দাবি জানান এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান।

