পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে প্রেমঘটিত কারণে বিদ্যালয়ের তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়ে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে ছাত্রীটি ভবনের তিনতলা থেকে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহীন হোসেন বলেন, “মেয়েটি তিনতলা থেকে লাফিয়ে পড়েছে। অবস্থার অবনতি দেখে দ্রুত বরিশালে পাঠানো হয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম জানান, সমাবেশ শেষে ক্লাস শুরু হতে কয়েক মিনিট বাকি থাকতে লাইব্রেরিতে বসে থাকার সময় হঠাৎ শুনতে পান এক ছাত্রী নিচে পড়ে গেছে। দ্রুত সহকর্মীদের নিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মেহযাবিন কিবরিয়া সোয়াইব বলেন, “সহপাঠী ও পরিবারের কাছ থেকে শুনেছি, বিষয়টি প্রেমঘটিত। ওই ছেলেটির জন্য সে নাকি তিন দিন ধরে কিছু খাচ্ছিল না।”

