উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
শনিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে বালুবাড়ী প্রধান কার্যালয়ের মিলনায়তনে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম কমিউনিটি ভিত্তিক নারী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় অংশ নেন ইউপি সদস্য, জয়িতা, সামাজিক নেতা, উদ্যোক্তা, যুব নেতা ও জীবনমান উন্নয়নে নিবেদিত নারী নেতৃবৃন্দ।
সভায় পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “নারী নেতারা এক একজন হারিকেন। তারা নিজে আলোকিত হয়ে সমাজের অন্য নারীদের আলোকিত করছে। জেলা প্রশাসন সবসময় আপনাদের ভালো কাজের পাশে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।
পল্লীশ্রী’র চলমান কার্যক্রম তুলে ধরে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন নির্বাহী পরিচালক শামিম আরা বেগম। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের নারীরা নিজেদের জীবনের সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। বক্তৃতা দেন নারী জয়িতা ধরিত্রী রায়, আলফা টুডু, ইউপি সদস্য রেহেনা বেগম, চেঞ্জমেকার মোমেজা বেগম, যুব নেতা হিমু রায়, ছাত্রী নওশিন এবং উদ্যোক্তা ফারহাদিবা।
তারা বলেন, এক সময় পরিবার ও সমাজে তাদের কোনো মূল্যায়ন ছিল না। পল্লীশ্রী তাদের নতুনভাবে নিজেকে চিনতে ও ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামীমা পপি, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক নীপা, প্রোগ্রাম অফিসার শাহেজাদী শিরিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

