কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের সংরক্ষণ, উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফায়েকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিরাজ হোসেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষি ও বিভিন্ন পেশাজীবী।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ মাসুম বিল্লাহ। সভা শেষে সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৪ আগস্ট পর্যন্ত কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচি পালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

