অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে মৎস্য অধিদপ্তরকে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
শেষে সফল মৎস্যচাষী সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কৃত করা হয়।

