Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে খাদ‍্যবান্ধব কর্মসূচি : ওজনে কম দেওয়ায় জু’তাপেটা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা মেলায় ক্ষোভ প্রকাশ করে এক নারী উপকারভোগী প্রকাশ্যে ডিলারের নিযুক্ত লোক স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে জুতাপেটা করেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি এলাকায় একটি চাল বিতরণ কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গেছে, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও অনেক উপকারভোগী ৩-৪ কেজি কম পাচ্ছেন বলে অভিযোগ করেন। এক পর্যায়ে এক নারী উপকারভোগী সরাসরি ওজন মেপে দেখেন চাল কম। এরপর তিনি ক্ষোভে জুতাসহ ডিলারের নিযুক্ত লোকের ওপর চড়াও হন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন বলেন, চাল ওজনে যেন কম না হয় তার জন্য ডিলারকে বলা হয়েছিল। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছে, যা আসলেই দুঃখজনক।

ডিলারের নিযুক্ত ব্যক্তি মোক্তার হোসেন জানান, ডিলার মো. শফিকুল ইসলাম তাকে এক কেজি করে চাল কম দিতে নির্দেশ দেন। সেই অনুযায়ী তিনি কাজ করেছেন। ফলে এক নারী উপকারভোগীর সঙ্গে ওজন কম দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই নারী তাকে জুতার আঘাত করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তার নিযুক্ত লোকের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেন।

বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন বলেন, ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ করা হয়। কিন্তু সেখানে অনিয়মের ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। উপকারভোগীদের দাবি, ডিলারদের কার্যক্রম তদারকিতে আরও কঠোর হতে হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।