রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পাহাড় ও টিলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বিভিন্ন গ্রাম ও বাজারে প্রচারপত্র বিতরণ, মাইকিং এবং সচেতনতামূলক সাইনবোর্ড টানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভূমিধস, বন্যা, মাটি ধস ও জীববৈচিত্র্যের ক্ষতির ঝুঁকি বাড়ে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।
প্রচারণার মূল শ্লোগান হচ্ছে— “পাহাড় ধ্বংস নয়, পাহাড় রক্ষা চাই।” এছাড়াও প্রচারণায় বলা হয়েছে, “পাহাড়/টিলা কাটা বন্ধ করি, পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন,“পাহাড় ও টিলা নির্বিচারে কাটা হলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়। তাই পাহাড় রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পাহাড় কাটা শুধু পরিবেশের ক্ষতি নয়, এটি আইনেও দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে বার্ড কনজারভেশন সোসাইটি ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ন বলেন,“প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। প্রকৃতিকে ধ্বংস করলে আমাদের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাই বলছি, প্রকৃতিকে ধ্বংস নয়, প্রকৃতিকে ভালোবাসলেই টিকে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।”

