অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার অ্যাড. নাসির উদ্দীন।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ সাড়ে চার দশকের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত দেড় যুগ রাজপথেই কেটেছে বিএনপির নেতাকর্মীদের সময়। ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিল বিএনপি। অবশেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে।
তারা আরও বলেন, বিএনপি’র সামনে অবারিত সুযোগ এসেছে জনগণের সামনে নিজেদের নতুন করে উপস্থাপনের। তাই আগামীতে ধানের শীষে ভোট দিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

