আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে, ফলে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল একই উপজেলার ঘোড়াচরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, শিক্ষক বেলাল রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিক্ষুব্ধদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।”

