রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বিধ্বস্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কারের দাবিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জিরোপয়েন্ট এলাকার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাবি জানানো হয়, মাত্র পাঁচ বছর আগে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি বর্তমানে চরমভাবে ভেঙে পড়েছে। জিরোপয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার জুড়ে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও কর্দমাক্ত জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষ। যাত্রী ও চালকরা এক প্রকার মরণযাত্রা পার করে চলাচল করছেন এই গুরুত্বপূর্ণ মহাসড়কে।
উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালের জুনে শেষ হওয়া সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করে তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে নির্মাণের অল্প সময়ের মধ্যেই সড়কটির এমন করুণ অবস্থা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদাসীনতাও জনদুর্ভোগকে দীর্ঘস্থায়ী করেছে।
প্রতীকী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ও মহানগর নিসচার উপদেষ্টা মো. সামিউল হক। এছাড়া খুলনা নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এই মহাসড়ক এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটে দুর্ঘটনা, প্রাণহানি। অথচ সংস্কারের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেই। তারা বলেন, জনস্বার্থে দ্রুত সংস্কারের ব্যবস্থা না নেওয়া হলে, ভবিষ্যতে সড়ক ভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

