ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে শত শত মানুষ এ অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
অবরোধের ফলে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়নকে ভাঙ্গা আসন থেকে কাটা নিয়ে নতুন সংসদীয় সীমানা নির্ধারণের যে প্রস্তাব করা হয়েছে, তা এলাকার জনগণের মতামত উপেক্ষা করে করা হয়েছে। তারা জানান, “ভাঙ্গাকে ভাঙার ষড়যন্ত্র কোনোভাবেই মানা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।”
বিক্ষোভ চলছে হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর, নওয়াপাড়া বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এবং আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “এলাকাবাসীর আন্দোলনের মুখে আমরা অনেকটাই অসহায়। তারা জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাস্তা ছাড়বে না।”
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রয়োজনে লাগাতার অবরোধ ও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

