শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের ৯টি উপজেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলছে টানা দুই দিনব্যাপী।
হরতাল চলাকালে চিতলমারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলা, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হরতাল সমর্থকরা। এর ফলে চিতলমারী থেকে কোনো দুরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের বাস-মিনিবাস চলাচল। সমর্থনে উপজেলার সব স্কুল-কলেজ, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিল। তবে টানা হরতালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও নিম্নআয়ের মানুষ।
নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে রামপাল ও মংলা উপজেলা নিয়ে গঠিত ৩ নম্বর সংসদীয় আসনটি ভেঙে বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে।
চিতলমারী উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন,“নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি আসন কমিয়ে ৩টি করার পর থেকেই আমরা আন্দোলন করছি। শান্তিপূর্ণভাবেই হরতাল পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

