সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় বুড়িদহ খেয়াঘাট মৎস্য অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় এক মৎস্য শিকারীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং উদ্ধারকৃত মাছ পুনরায় নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, শুকনো মৌসুমে দেশীয় জাতের মা মাছ রক্ষায় আত্রাই নদীর বিভিন্ন স্থানে অভয়াশ্রম তৈরি করা হয়েছে। তবে গত দুই সপ্তাহ ধরে কিছু অসাধু ব্যক্তি রিং জাল, হুইল ও নানা ফাঁদ ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এমনকি গত মঙ্গলবার অভয়াশ্রম থেকে প্রচুর পরিমাণ মাছ লুট করে নিয়ে যায় তারা।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীপংকর পাল জানান, অভয়াশ্রমে অবাধে মাছ শিকারের তথ্য পেয়ে বুধবার থেকেই প্রশাসনের নজরদারি জোরদার করা হয়। বৃহস্পতিবার অভিযান চালিয়ে শিকারিদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, দেশীয় প্রজাতির মা মাছ রক্ষায় অভয়াশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ নিয়ম ভঙ্গ করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

