রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। অন্যান্য বছরের মতো এবারও নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ আলতাফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করা হয়।
গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৬১৮ কোটি টাকা। তবে বরাদ্দের লক্ষ্যমাত্রা ছিল ৯৮১ কোটি ৯৯ লাখ টাকা। এবারের বাজেট কিছুটা বেশি হলেও উন্নয়ন বরাদ্দে এসেছে বড় ধরনের কাটছাঁট— মাত্র এক বছরের ব্যবধানে কমেছে প্রায় ২৬০ কোটি টাকা।
গত কয়েক বছরে নতুন কোনো প্রকল্প হাতে না নেওয়া এবং পুরনো প্রকল্পগুলো চলতি অর্থবছরে শেষ হওয়ায় বাজেটের আকার সীমিত রাখা হয়েছে। বর্তমান বাজেটকে বাস্তবভিত্তিক উল্লেখ করে কেসিসি তিনটি বিভাগকে অগ্রাধিকার দিয়েছে— কনজারভেন্সি, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্বাস্থ্য বিভাগ।
২০১৮ সালে প্রায় ১,৪৩৬ কোটি টাকা ব্যয়ে নগরীর রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে সড়ক উন্নয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং ড্রেনেজ প্রকল্প চলতি অর্থবছরে শেষ হওয়ার পথে। এছাড়া ২০২১ সালে শুরু হওয়া বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পটিও এবারই সম্পন্ন হওয়ার কথা।
কেসিসির হিসাব অনুযায়ী, কর্পোরেশনের নিজস্ব আয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন সম্পূর্ণরূপে নির্ভরশীল সরকারি অনুদান ও দাতা সংস্থার সহায়তার উপর। ফলে নতুন প্রকল্প অনুমোদন না হলে উন্নয়নের গতি হ্রাস পায় এবং বাজেটও সংকুচিত হয়।
বাজেট ঘোষণার এই অনুষ্ঠানে কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার ছাড়াও আরও উপস্থিত ছিলেন শহীদ শেখ মো. সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মাতা নুরুন্নাহার বেগম,
সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি,
প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান,
বাজেট অফিসার মো. মনিরুজ্জামান,চিফ প্ল্যানিং অফিসার (চলতি দায়িত্বে) আবির উল জব্বার,প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান,প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা,বাজেট কাম অ্যাকাউন্ট অফিসার মো. মনিরুজ্জামান,
নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন,
নগর জামায়াতের সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ও নায়েবে আমির মো. নজিবুর রহমান সরদার,
বৃহত্তর উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান,নারী নেত্রী বেগম রেহেনা আক্তার,জুলাই যোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পি ও মাহাদী হাসান সীন ।এছাড়াও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ।

