জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আশাশুনি উপজেলা শাখার ২০২৫ সালের সম্মেলন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ফ্রন্টের আহ্বায়ক তুষার কান্তি বোস (পিংকাই) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল আহসান টোকন, দেবহাটা উপজেলা ফ্রন্টের সদস্য সচিব হিরন্ময় মণ্ডল, কালিগঞ্জ উপজেলা আহ্বায়ক মিলন কুমার ঘোষ, জেলা যুগ্ম আহ্বায়ক মিলন সরদার, শ্যামনগর উপজেলা আহ্বায়ক দেবব্রত ঘোষ, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ফ্রন্টের সদস্য সচিব প্রীতিষ রায়।
সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট বিদায়ী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে জেলা শহর সাতক্ষীরায় গিয়ে পূর্ণাঙ্গ নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. শহিদুল আলম তার বক্তব্যে বলেন, “বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে। কেউ যেন দেশ ছেড়ে যেতে বাধ্য না হয়, সেটিই আমাদের চাওয়া। সবাইকে নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধান বক্তা অ্যাড. অসীম কুমার মণ্ডল বলেন, “আওয়ামী লীগ কখনো হিন্দুদের প্রকৃত কল্যাণ করেনি। শত্রু সম্পত্তি তাদের দখলে ছিল ও আছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে হিন্দুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতও বাংলাদেশের হিন্দুদের মঙ্গল চায় না।”
তিনি আরও বলেন, “ডা. শহিদুল আলম একজন ধর্মনিরপেক্ষ ও মানবিক রাজনীতিবিদ। তাকে নির্বাচিত করা গেলে হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি হবে না।”

