Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের অভয়নগরে শিক্ষার্থীদের প্রণোদনার টাকা আত্মসাতের অভিযোগ

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাদ্দকৃত ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ (পিবিজিএসআই) প্রণোদনার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে শিক্ষার্থীরা জানিয়েছেন, বিদ্যালয়ের নামে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর অংশ হিসেবে ২০ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে পৃথক চেক প্রদান করা হয়। কিন্তু শিক্ষার্থীদের স্বাক্ষর করিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অচিন্ত কুমার মন্ডল ও ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। পরে শিক্ষার্থীদের হাতে নগদ দেওয়া হয় দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা।

 

৮ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুনের পিতা আলমগীর হোসেন বলেন, “আমার মেয়েকে পাঁচ হাজার টাকার চেকে স্বাক্ষর করানো হলেও হাতে দেয়া হয়েছে মাত্র দুই হাজার ৫০০ টাকা। বাকি টাকা আত্মসাত করেছেন তারা। এর বিচার হওয়া উচিত।” একই অভিযোগ করেন শিক্ষার্থী তাহমীনা জামান তিথীর অভিভাবক আমিনুল ইসলামও।

 

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অচিন্ত কুমার মন্ডল বলেন, “আমার স্কুলের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার গরিব। তাই ২০ জনের জন্য বরাদ্দ টাকা প্রায় ৫০ শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। আত্মসাতের কোনো প্রশ্নই আসে না।”

 

ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা বলেন, “বিদ্যালয়ের ১৩০ শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করেই ২০ জনকে চেক দেয়া হয়েছিল। পরে শিক্ষার্থীরাই টাকার সমন্বয় করেছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল ষড়যন্ত্র করছে।”

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “পিবিজিএসআই’র টাকা ভাগাভাগি করার সুযোগ নেই। ইউএনও মহোদয়ের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছি। আগামী রোববার থেকে তদন্ত শুরু হবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।