Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে বিএনপির মনোনয়ন এখন উত্তরসূরিদের দৌরাত্ম্য

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খুলনা বিভাগে বিএনপির রাজনীতিতে একটি নতুন চিত্র ফুটে উঠছে। দলটির সাবেক প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যদের উত্তরসূরিরা এবার সক্রিয়ভাবে মনোনয়ন দৌড়ে নেমেছেন। কেউ কেউ সংগঠনে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আবার অনেকেই মাঠপর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকে নিজেকে তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে।

তৃণমূল পর্যায়ে রয়েছে তাদের প্রতি আলাদা আবেগ। জনপ্রিয় নেতাদের সন্তান কিংবা সহধর্মিণী হওয়ায় স্থানীয় কর্মীদের ভালোবাসা ও সমর্থন পেতে সুবিধা হচ্ছে উত্তরসূরিদের। এতে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় তাদের অবস্থান শক্ত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

খুলনা বিভাগের পাঁচ জেলার সাতটি আসনে বিএনপির সাবেক নেতাদের সন্তান, স্ত্রী ও ঘনিষ্ঠ আত্মীয়রা মনোনয়নের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ঝিনাইদহ জেলায়।

যশোর-৩ আসনে বিএনপির প্রয়াত শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত মনোনয়নপ্রত্যাশী। তিনি বর্তমানে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এ নেতা এখন বাবার আসন থেকেই সংসদ সদস্য হতে চান।

ঝিনাইদহ-৪ আসনে সাবেক চারবারের সংসদ সদস্য এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান বেল্টু এবার মনোনয়ন চাইছেন। দলীয় কর্মসূচিতে তার সক্রিয়তা বেড়েছে। এছাড়া ঝিনাইদহ-২ আসনে সাবেক এমপি মসিউর রহমানের ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু এবং ঝিনাইদহ-৩ আসনে শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনিও মনোনয়নপ্রত্যাশী হিসেবে কাজ করছেন।

চুয়াডাঙ্গা-১ আসনে ২০০১ সালের সংসদ সদস্য সহিদুল ইসলাম বিশ্বাসের মেয়ে মিলিমা বিশ্বাস মিলি মনোনয়ন পেতে আগ্রহী। তিনি কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জেলা বিএনপির সক্রিয় নেত্রী।

কুষ্টিয়া-১ আসনে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক মোল্লার ছেলে রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা মনোনয়নপ্রত্যাশী। তিনি বর্তমানে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি।

মাগুরা-১ আসনে প্রার্থী হতে চান বিএনপির সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মজিদ উল হকের কন্যা ও চিকিৎসক ডা. সিমিন আকতার অনজু। বাবার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি নিজে শহরজুড়ে সক্রিয়ভাবে প্রচারণায় যুক্ত হয়েছেন।

খুলনা-৩ আসনে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন সাবেক বিএনপি নেতা ও বর্তমানে এনসিপির রাজনীতিতে যুক্ত আরিফুর রহমান মিঠু। তিনি প্রয়াত রাজনীতিবিদ এস এম এ রবের ছেলে।

দলের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন, উত্তরসূরিরা শুধু পরিচিতির জোরেই নয়, বরং রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। তৃণমূলে তাদের গ্রহণযোগ্যতা, স্থানীয় সম্পৃক্ততা এবং পারিবারিক রাজনৈতিক ইমেজ তাদের সামনে এনে দিয়েছে বাড়তি সুযোগ।

দলীয় নেতাকর্মীরা বলছেন, একসময় যেসব নেতারা রাজনীতির মাঠে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সামনে পেয়ে অনেকেই আবেগাপ্লুত। পাশাপাশি নতুন নেতৃত্বের উদ্ভবও বিএনপির সাংগঠনিক ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।