রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভাটি পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের অধীনে থাকা ৯৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মুজাহিদ, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুন্নবী তুহিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন বেপারী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার।
এছাড়া সভায় আরও অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন এবং আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়।
সভায় দুর্গাপূজার সময় পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সর্বত্র নিরাপত্তা জোরদার করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক টিম মাঠে থাকবে।

