জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মপরিকল্পনা সভা আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে, GAFSP/IFAD অর্থায়নে বাস্তবায়িত RAINS প্রকল্পের আওতায় পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন করা হয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে জাতীয় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় ইউনিয়নের চাহিদাগুলো তুলে ধরার উদ্দেশ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। গেইন বাংলাদেশ এর কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিকের পরিচালনায় ও প্রোগ্রাম অফিসার সামিহা ইসরাত সিলভিয়ার সহযোগিতায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ।
সভায় শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব, সংরক্ষিত মহিলা সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, এনজিও কর্মী, মসজিদের ইমাম এবং গ্রাম পুলিশবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত স্টেকহোল্ডাররা মিলিতভাবে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ইউনিয়ন ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
এ কর্মপরিকল্পনার মাধ্যমে আশাশুনির পুষ্টি পরিস্থিতির উন্নয়ন এবং পুষ্টি সংক্রান্ত সেবা কার্যক্রমের সম্প্রসারণ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

