ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর ওপর নির্মিত সাহবের ঘাট সেতুর টোল আদায় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন টোল আদায় বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল বাতেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম, সওজ বিভাগের এস.এ.ই. আরিফুল ইসলাম, কার্যসহকারী কামাল উদ্দিন, সোনাগাজী মডেল থানার এসআই সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মিসকিন, যুবদল নেতা সাব্বির রায়হান তারেক, ফরিদ উদ্দিন শাহীন, আরিফুল ইসলাম বাবর, কাজীর হাট বণিক সমিতির যুগ্ম সম্পাদক কাজী মিজানুর রহমান, ফয়েজ উল্যাহ শিবলু, মিজানুর রহমান সেলিম প্রমুখ।
সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, দীর্ঘদিন টোল আদায় বন্ধ থাকার পর সাহবের ঘাট সেতুর জন্য একাধিকবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কাঙ্ক্ষিত দর না ওঠায় টানা ১৫ বার দরপত্র আহ্বান করেও ইজারা দেওয়া সম্ভব হয়নি। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে বগাদানা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল আলমকে তিন বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়।
এ প্রসঙ্গে সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল বাতেন বলেন,
“সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ইজারার মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছে। একটি নির্ধারিত তালিকার ভিত্তিতে টোল আদায় করা হবে। সেতুর রক্ষণাবেক্ষণ ও সরকারি আয়ের স্বার্থে জনগণ যেন নিয়ম মেনে ইজারাদারকে সহযোগিতা করেন—এটাই আমাদের প্রত্যাশা।”

