ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বৃহস্পতিবার বিকেলে গণসমাবেশে বর্তমান সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘের কিছু দলকে নিয়ে সফর করেছেন এবং অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অপমানিত করেছেন, এর মধ্য দিয়ে তার নিরপেক্ষতা হারিয়েছে।”
চরমোনাইয়ের পীর আরও বলেন, সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে নোবেলও পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় ফলাফলের দিক দিয়ে শূন্য। তিনি সমালোচনা করেন কিছু জরিপ প্রতিষ্ঠানকেও, যারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করে মানুষের প্রকৃত মতামত তুলে ধরে না।
হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পীর বলেন, গত ৫৩ বছরে ক্ষমতায় থাকা দলের মধ্যে বিএনপি পাঁচবার এবং আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এ কারণে সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং শায়খুল হাদিস মাওলানা আকরাম আলী।

