হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে বেনাপোলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধন, প্রতিবাদ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা শার্শা থানার ওসি আব্দুল আলিমকে সরাসরি দায়ী করে বলেন, “একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।” তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে ওসিকে অপসারণ করতে হবে, নইলে বেনাপোল অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল প্রেসক্লাব সভাপতি মহাসিন কবির। প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।
আনোয়ারুল কবির নান্টু বলেন, “একজন সাংবাদিককে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনি’র মুক্তি দাবি করছি।”
কর্মসূচিতে শার্শা, বেনাপোল, বন্দর, সীমান্ত, বাগআঁচড়া, ঝিকরগাছা, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে একটি মহল মনি’র বিরুদ্ধে মামলা দেয়। তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

