মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান।
দুদক জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের প্রমাণ মিলেছে। বিশেষ করে টিআর, কাবিখা ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে অনিয়ম ধরা পড়ে।
এছাড়া এলজিইডির অর্থায়নে সদর উপজেলার ছয়না গ্রামে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান মোল্লার নিজবাড়ির সামনে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে প্রাথমিকভাবে মনে করছে দুদক।
তদুপরি, ভূমি উন্নয়ন করের ১% অর্থায়নে প্রকল্পের কাজ দেয়া হয়েছে ‘কারিমা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির মালিক একজন ভূমি উপ-সহকারী কর্মকর্তার স্ত্রী। বিষয়টি আইনসঙ্গত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, “প্রতিটি দপ্তরের বিরুদ্ধে আসা অভিযোগের ফাইল যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েকটি প্রকল্পে অনিয়মের প্রমাণ মিলেছে। বিষয়টি কমিশনে জানানো হবে। কমিশনের নির্দেশ মোতাবেক সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

