যশোর প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে যশোর রামকৃষ্ণ মিশন আশ্রমে জাঁকজমকপূর্ণভাবে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই পূজায় মাগুরার নারায়ণপুর এলাকার ৫ বছর বয়সী তাপস চক্রবর্তীর কন্যা তম্রাস্বতী চক্রবর্তীকেই কুমারী হিসেবে পূজা করা হয়।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভক্তদের ঢল নামে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু পূজা মণ্ডপে উপস্থিত হয়ে শঙ্খ, ঘণ্টা ও ঢাকের ধ্বনিতে দেবীর আরাধনায় অংশ নেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের সঙ্গে প্রসাদ বিতরণ করা হয়।
রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ বলেন, “এই বয়সে কুমারী পূজিত হলে শুভশক্তি বিকশিত হয় ও অশুভ শক্তি বিন্যস্ত হয়। ফলে সমাজে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে।”
যশোর জেলার ৭০৮টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক দলগুলোও পূজা উদযাপন পরিষদের সঙ্গে মিলিত হয়ে দরিদ্রদের মধ্যে শাড়ি বিতরণসহ সহযোগিতা করছেন।
উৎসবের এই দিনে ভক্তরা বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন, আর উৎসবমুখর পরিবেশে যশোরের রামকৃষ্ণ মিশন আশ্রম জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও ভক্তির ঢেউ।

