কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মো. শরীফুল আলম সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
তিনি কুলিয়ারচর পৌরসভা ও উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি, দাসপাড়া, বাজার, ঘোষপাড়া, টিয়াকাটা, ছয়সূতী ইউনিয়ন, হাজারীনগর, ফরিদপুর ইউনিয়ন ও সালুয়া ইউনিয়নের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনের পরে তিনি হাজারীনগর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলমানের ঐতিহাসিক বন্ধন অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা সবাই এই দেশের নাগরিক, এখানে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই।”
সভায় সভাপতিত্ব করেন প্রমোদ রঞ্জন ভৌমিক। বক্তব্য রাখেন লায়ন জিতেন্দ্র লাল ভৌমিক, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরূপ রতন দাস বিজয়।
পূর্ণ রূপে এই পরিদর্শন ও আলোচনা সভা ছিল স্থানীয় সম্প্রদায়িক ঐক্য ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের বার্তা প্রচারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

