হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পরিমাণে কম তেল দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় পরিবহন শ্রমিক ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় সাতমাইল বাজারসংলগ্ন মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উক্ত ফিলিং স্টেশন থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাণে কম দেওয়া হচ্ছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
তারা জানান, গত রোববার এক গ্রাহক পাঁচ লিটার ডিজেল নিলে সেটি ওজনে প্রায় ৭৫০ গ্রাম কম পাওয়া যায়। বিষয়টি ফিলিং স্টেশনের ম্যানেজার আশরাফকে জানানো হলে তিনি যান্ত্রিক ত্রুটির কথা বলে এড়িয়ে যান। পরবর্তীতে শ্রমিক ইউনিয়নের সদস্যরা ঘটনাস্থলে গেলে ম্যানেজার পুনরায় একই অজুহাত দেন এবং পরে স্টেশনে তালা ঝুলিয়ে কর্মচারীদের নিয়ে পালিয়ে যান।
বক্তারা আরও বলেন, এই স্টেশনে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের ঠকানো হচ্ছে। অথচ বিষয়টি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ স্থানীয় পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কিবরিয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই কর্মসূচিতে বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় দুই শতাধিক পরিবহন মালিক-শ্রমিক ও এলাকাবাসী অংশ নেন।

