বাবুগঞ্জ (বরিশাল )প্রতিনিধি
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামের মো. হোসেন আলী ফরাজীর ছেলে মো. খলিলুর রহমান-এর শিক্ষাজীবন শুরু বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে, যেখানে তিনি এসএসসি সম্পন্ন করেন ১৯৯৩ খ্রিস্টাব্দে। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন ১৯৯৫ খ্রিস্টাব্দে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ১৯৯৮ ও ১৯৯৯ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় অধ্যয়নকাল থেকেই তিনি সংবাদপত্রে লেখালেখির সঙ্গে যুক্ত। শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষাবিচিত্রা’-র সহকারী সম্পাদক হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজধানীর স্বনামধন্য ইংলিশ মিডিয়াম-সেন্ট জুটস ইন্টারন্যাশনাল স্কুল-এর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর ও ডিসিপ্লিন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় পাঁচ বছর।
পরবর্তীতে তিনি স্বেচ্ছাসেবী সংস্থা এডুকেশন ওয়াচ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক ছিলেন। পাশাপাশি ২০০৮ খ্রিস্টাব্দ থেকে শিক্ষা বিষয়ক পত্রিকা ‘এডুকেশন ওয়াচ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি এটিএন বাংলার শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান ‘সময়ের সাথে’-এর পরিচালক হিসেবে কর্মরত আছেন।

