দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম শাহেদ ডাকসুর সাবেক ছাত্রদল নেতা ও সাবেক সাহিত্য সম্পাদক। তিনি সাবেক রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সাধারণ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময়কালে তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনের জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। গ্রামীণ জনপদের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান ও মানুষের জীবনমান উন্নয়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরা একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল। এখানে স্থলবন্দর, চিংড়ি শিল্প ও সুন্দরবনের মতো সম্পদ থাকা সত্ত্বেও জেলা এখনো অবহেলিত। এই জেলাকে উন্নয়নের রোল মডেল করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সদস্য হারুন-অর-রশিদ, সাবেক ছাত্রনেতা মুজাহিদ বিন ফিরোজ, সোহাগ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

