যশোর প্রতিনিধি
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের জন্য ২৪ দফা নির্দেশনা জারি করেছে যশোর শিক্ষা বোর্ড। সোমবার (৩ নভেম্বর) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। নোটিশটি ইতোমধ্যে বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, “পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কেন্দ্র সচিবদের কঠোরভাবে নির্দেশনা অনুসরণ করতে হবে। নকল, প্রশ্নফাঁস বা কোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।”
নির্দেশনায় বলা হয়েছে, অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরে তিন ঘণ্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর সাত দিন আগে কেন্দ্র সচিবদের থানার লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের ট্রাংকে থাকা প্রশ্নপত্রের বিবরণ যাচাই করতে হবে। প্রশ্নপত্রের দুটি সেট আলাদাভাবে তারিখ ও সেট অনুযায়ী প্যাকেট করতে হবে। পরীক্ষার্থী বেশি হলে পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে সাব-সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশ্নপত্র গ্রহণ, পরিবহন ও ব্যবহারে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে। পরীক্ষার দিন ট্রেজারি অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্র সংগ্রহ ও পরিবহন করতে হবে। প্রশ্নপত্রের সেট কোড নির্ধারিত এসএমএস অনুযায়ী ব্যবহার করতে হবে।
পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবে না এবং ছবি বা ভিডিও ধারণযোগ্য ফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে, এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন পরিদর্শক থাকতে হবে।
পরীক্ষার্থীদের আসন বিন্যাসে ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করাতে হবে। বিশেষ পরিস্থিতিতে দেরিতে এলে কেন্দ্র সচিবের অনুমতিতে পরীক্ষা দিতে পারবে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, ভিড় বা বাহিরের উপস্থিতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে সাত কার্যদিবসের মধ্যে তা সংশোধন করতে হবে। ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের দেওয়া যাবে না।
পরীক্ষা শেষে উত্তরপত্র সিলগালা করে প্যাকেট আকারে বোর্ডে পাঠাতে হবে এবং পরিবহন কাজে পুলিশের সহায়তা নিতে হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্রের প্যাকেট করতে হবে এবং প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত লেখা দেওয়া যাবে না।
ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র ও উত্তরপত্র থাকবে। পরীক্ষা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ রাখতে হবে। অনলাইন তথ্য প্রদানেও সচেতন থাকতে হবে।
এছাড়া, শুধুমাত্র বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, “শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের জন্য এ নির্দেশনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল কেন্দ্র সচিবদের আমরা অনুরোধ করছি, নির্দেশনা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করতে।”

