কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসে জাতি স্মরণ করে স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেওয়া লাখো শহীদের স্মৃতি। আর সেই স্মৃতির প্রতীক শহীদ মিনারেই জুতা পায়ে ওঠায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।
রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া মার্কেট এলাকা থেকে গোপালগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এসময় সমাবেশ করতে প্রার্থীসহ নেতাকর্মীরা জুতা পায়ে সরাসরি শহীদ মিনারে উঠে পড়েন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষসহ সাধারণ নাগরিকরাও ক্ষোভ প্রকাশ করেন।
কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, “বিজয়ের মাসে শহীদ মিনারে জুতা পায়ে ওঠা অত্যন্ত আপত্তিকর। শহীদদের প্রতি অসম্মান দেখানো হয়েছে। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, সেখানে জুতা পায়ে উঠে তারা শহীদদের অবমাননা করেছেন।”
গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের মন্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, “শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের সবার দায়িত্ব। আমার মনে হয় নেতাকর্মীরা বিষয়টি বুঝতে না পেরেই করেছেন। তবুও এমন ঘটনা কাম্য নয়।”
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “ভিডিওটি আমি দেখেছি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়।”
ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিজয়ের মাসে শহীদ মিনার নিয়ে এমন অবহেলা ও অশ্রদ্ধার ঘটনায় জেলাজুড়ে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

