গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ-এর সঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।”
এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ জিয়াউল হক (ক্রাইম অ্যান্ড অপস)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

